প্যারিসে কাল রাতে ব্যালন ডি’অর জিতে ইতিহাসই গড়েছেন লিওনেল মেসি। প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবার ব্যালন ডি’অর জিতলেন তিনি। এত দিন সমান পাঁচবার করে পুরস্কারটি জিতেছিলেন মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কাল চিরপ্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেললেন বার্সেলোনা তারকা। রোনালদো ব্যালন ডি’অর অনুষ্ঠানে ছিলেন না। লিভারপুল ও ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের পর তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে রোনালদোকে।
২০১৮-১৯ মৌসুমে দেশ ও ক্লাবের হয়ে ৫৪ গোল করেন মেসি। বার্সা জিতিয়েছেন লা লিগাও। গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগজয়ী লিভারপুলের ফন ডাইক ভোটে দ্বিতীয় হন। ভোট তালিকায় শীর্ষ সাতে রয়েছেন লিভারপুলের চার ফুটবলার। ২০১৫ সালের পর প্রথম বর্ষসেরার এ পুরস্কার জিতলেন মেসি। গতবার ব্যালন ডি’অর জয়ী লুকা মদরিচের কাছ থেকে ট্রফিটা বুঝে নেন তিনি। গত ১১ বছর ধরে লা লিগার খেলোয়াড়েরাই জিতছেন ব্যালন ডি’অর। রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার গতবার মদরিচ জিতে মেসি-রোনালদোর এক দশকের আধিপত্যের অবসান ঘটান।
সত্রঃ প্রথম আলো