ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রবিবার (৩ নভেম্বর) মুখোমুখি হয় বাংলাদেশ। দুদলের এই ম্যাচে নজর ছিল আইসিসির। সেই সঙ্গে আম্পায়ার-টিভি আম্পায়ার থেকে শুরু করে ম্যাচ রেফারিরাও ম্যাচটি নজরে রাখে! এ দিন মাঠে উপস্থিত থেকে আম্পায়ারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল আইসিসির কর্মকর্তারা।
কিন্তু কেন? অবশ্য, ফিক্সিং কিংবা অপরাধমূলক কিছুর জন্য নয়- দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের তীব্র বায়ু দূষণের বিষয়টি নিয়ে সচেতন ছিল আইসিসি। কারণ দীপাবলি শেষ হওয়ার পর দিল্লির পরিবেশ হয়ে ওঠে ভয়ঙ্কর। নিশ্বাস নেওয়াটা হয়ে ওঠে কষ্টের। এর মধ্যে দুদলের ম্যাচ হয়।
আইসিসির নজরে ছিল তাই- যদি ম্যাচের মধ্যে কোনো কারণে ক্রিকেটাররা খেলা চালিয়ে নিতে না পারে; এছাড়া রেফারিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখে আইসিসি। নেতিবাচক রিপোর্ট দেন তাহলে ভবিষ্যতে হয়তো এই স্টেডিয়ামে এই মৌসুমে আর কোনো ম্যাচ নাও হতে পারে। যদিও ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এখনো রিপোর্ট আইসিসিকে দেয়নি।
তবে দিল্লি জেলা ক্রিকেট সংস্থা (ডিডিসিএ) আশা করছে হয়তো ভালো প্রতিবেদনই দিবেন। কারণ, মাঠ এবং দূষণ নিয়ে কেউই কোনো বিরূপ মন্তব্য করেননি। যদিও সে দিন দিল্লির একিউআই (এয়ার কোয়ালিটি ইনডেক্স) ছিল ৯০০ এর উপরে। যা স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
প্রসঙ্গত, ভারতের বিপক্ষে রবিবারের ম্যাচটিতে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। স্বাগতিকদের ৭ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ে টাইগাররা। এই ম্যাচটি ছিল কুড়ি ওভারের ১০০০তম ম্যাচ। যেখানে জয় নিয়ে ইতিহাসের পাতায় নিজেদের নাম লেখাল লাল সবুজের প্রতিনিধিরা।
সূত্রঃ অধিকার নিউজ