নিজস্ব প্রতিবেদক: পরীক্ষায় ফেল করার কারণে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় লিমা (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ (৩১ মে ২০২০) রবিবার দুপুরে পরীক্ষার ফলাফল প্রকাশের পর হরিপুর উপজেলার তিনুয়া গ্রামে এ ঘটনা বলে জানান, হরিপুর সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মংলা। নিহত লিমা হরিপুর উপজেলার ৫নং হরিপুর সদর ইউনিয়নের তিনুয়া গ্রামে জাহিরুল ইসলামের মেয়ে এবং হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার দিনাজপুর বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। গণিত বিষয়ে সে ফেল করেছে বলে ফলাফল সীট থেকে জানা গেছে।
লিমার বাবা জহিরুল ইসলাম বলেন, ধান কর্তন করার জন্য আজ সকালে আমি আর আমার স্ত্রী মাঠে যাই। এরপর দুপুরে ১টার দিকে বাড়ি থেকে খবর আসে আমার মেয়ে লিমা গলায় ফাঁস অবস্থায় ঝুলে আছে। সঙ্গে সঙ্গে বাসায় আসি । এরপর লিমার গলা থেকে ফাঁস খুলে হরিপুর হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে হাসপাতালের কর্মব্যরত ডাক্তার কবিরুল লিমার মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
হরিপুর থানার ওসি আমিরুজ্জামান জানান, কেউ এই বিষয়ে থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।