৩ ডিসেম্বর ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস!
নিজস্ব প্রতিবেদক: ৩ ডিসেম্বর ঠাকুরগাঁও হানাদার মুক্ত দিবস, ১৯৭১ সালের ডিসেম্বর মাসে সমগ্র পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশে যুদ্ধের রমরমা অবস্থা। বিভিন্ন জেলা শহর পাক বাহিনী মুক্ত হতে শুরু করে ।
খান সেনারা ঠাকুরগাঁও শহরের তাদের হেডকোয়ার্টার ইপিআর ক্যাম্পের ঘাঁটি ছেড়ে পীরগঞ্জের দিকে ছুটতে থাকে এবং ভাতগাঁও পুলের কাছে তাদের ডিফেন্স নেয়।
গেরিলারা ২ ডিসেম্বর রাতেই ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে। সম্মিলিত বাহিনী ও মুক্তিযোদ্ধাদের একটা দল ৩ তারিখ সকালে ঠাকুরগাঁও শহরে প্রবেশ করে বিজয় উল্লাস করতে থাকে রাস্তায় বিজয় পতাকা উড়িয়ে দেয়া হয়।
এমপিএ সিরাজুল ইসলাম এডভোকেট মুক্তিবাহিনীর সঙ্গেই অগ্রযাত্রায় সামিল ছিলেন এবং ৩ তারিখ সকালে ঠাকুরগাঁও চৌরাস্তায় দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের স্বাগত জানান।
এখানে একটা বিষয় জানার দরকার সেটা হচ্ছে সামরিক বাহিনী পঁচিশে মার্চ রাতে ঢাকা শহর দখল করেছিল কিন্তু আমাদের ঠাকুরগাঁও ১৫ এপ্রিল তারা দখল করতে সক্ষম হয় অর্থাৎ ঢাকার প্রায় বিশ দিন পরে। আত্মসমর্পণ করে ১৬ই ডিসেম্বর কিন্তু ডিসেম্বরের ২তারিখ রাতে ঠাকুরগাঁও শহরে স্বাধীনদেশের পতাকা উড়ানো হয়েছিল।