বালিয়াডাঙ্গীতে ছেলে হত্যা চেষ্টার অভিযোগে সৎ বাবা আটক
নিজস্ব প্রতিবেদকঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের রূপগঞ্জ গ্রামে সৎ ছেলেকে হত্যা চেষ্টার অভিযোগে স্থানীয়রা সৎ বাবাকে মাহবুব রহমান (৪৫) কে আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছে।
গত শুক্রবার সৎ বাবাকে পুলিশ ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করেছে।
জানা যায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রূপগঞ্জ গ্রামে নুরুল হুদার ছেলে মাহবুব রহমান একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা দানেশ আলীর ছেলে নাসিরুল ইসলামের তালাকপ্রাপ্তা স্ত্রী নূর নাহার বেগম এক সন্তানের জননীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। নাসিরুলের ছেলে রনি তার মা নূর নাহার বেগমের সাথে বসবাস করত। রনি রাজমিস্ত্রীর সহকারী শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে।
গত বৃহস্পতিবার বিকেলে রনির সৎ বাবা মাহবুব রহমান তার বাড়ির দক্ষিণ ভিটা উত্তর দুয়ারী শয়ন ঘরে ডেকে নেশা করার জন্য টাকা চাইলে রনির সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে রনি টাকা দিতে অপারগতা ও প্রতিবাদ করায় মাহবুব অজ্ঞাত লোকজনের সহায়তায় ধারালো দা দিয়ে শরীরে বিভিন্ন স্থানে কোপ মারে গুরুতর রক্তাক্ত কাটা জখম করে তাকে হত্যার চেষ্টা করে। এসময় রনির চিৎকারে আশে পাশের লোকজন উপস্থিত হয়ে রনিকে উদ্ধার করে এবং মাহাবুব কৌশলে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাকে ধাওয়া করে আটকের পর পুলিশের কাছে সোর্পদ করে।
স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাহবুবের ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে। স্থানীয় লোকজন রনিকে গুরুতর আহত অবস্থায় বালিয়াডাঙ্গী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে রেফার্ড করে। বর্তমানে রনি মুমূর্ষু অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এ ব্যাপারে রনির পিতা নাসিরুল ইসলাম বাদি হয়ে গত বৃহস্পতিবার রাতে মাহবুব রহমান সহ ১/২ জন অজ্ঞাতনামা আসামী করে বালিয়াডাঙ্গী থানায় হত্যা চেষ্টার একটি মামলা দায়ের করেছে।
এব্যাপারে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল আনাম জানান, এলাকাবাসী রনির সৎ বাবা মাহবুব রহমানকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করে। আসামিকে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।